Logo
Logo
×
   

সারাদেশ

সজ্জিত প্রাইভেটকার-৪০ মোটরসাইকেলের শোভাযাত্রায় বাড়ি গেলেন বিদায়ী শিক্ষক

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

সজ্জিত প্রাইভেটকার-৪০ মোটরসাইকেলের শোভাযাত্রায় বাড়ি গেলেন বিদায়ী শিক্ষক

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান একে ফজলুল হককে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে একে ফজলুল হককে সজ্জিত একটি প্রাইভেটকারে বসিয়ে ৪০টি মোটরসাইকলের বহর নিয়ে সহকর্মীরা প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে সখীপুর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় তার স্ত্রী সালেহা বেগম, দুই কন্যাও গাড়িতে ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এমএ রউফের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন।

একে ফজলুল হক টানা ৩০ বছর শিক্ষকতা শেষে আজ ছিল তার শেষ কর্মদিবস।

একে ফজলুল হক বলেন, বিদায় বেলায় আমাকে এত সম্মান দেখানো হবে, তা আমি কখনো ভাবতেও পারিনি। আমার খুবই ভালো লেগেছে। এমন রাজকীয় বিদায়ের কথা আমি জীবনে কখনো ভুলতে পারব না। এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হাসান, কলেজের উপাধ্যক্ষ এসএম জাকির হুসাইন, বাংলা বিভাগের প্রধান মুহম্মদ আবদুল আলীম, ফারুক হোসেন, মাহমুদুল হক শামীম, খাইরুন নাহার মল্লিক, হামিদুর রহমান, ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী সুমি আক্তার প্রমুখ।

কলেজের অধ্যক্ষ এমএ রউফ বলেন, ফজলুল হক স্যার শুধু একজন ভালো শিক্ষকই ছিলেন না, তিনি একজন ভালো মানুষও ছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

প্রসঙ্গত, একে ফজলুল হক মিয়া ১৯৯২ সালে উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান এবং শেষ কর্মদিবস পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম