Logo
Logo
×
   

সারাদেশ

মোটরসাইকেলের সাইলেন্সারে বিকট শব্দ, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

মোটরসাইকেলের সাইলেন্সারে বিকট শব্দ, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

ছবি: যুগান্তর

মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নওগাঁয় সাকলাইন মোস্তাক (রাতুল) নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের সামনে তাকে আটক করা হয়।

সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা সপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা জানান, ওই কিশোর কয়েক দিন ধরে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিল। এতে পথচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে এবং মামলা দেয়।

স্থানীয়দের অভিযোগ, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে ছুটির সময় বেপরোয়া মোটরসাইকেল চালকদের, বিশেষ করে কিশোরদের দৌরাত্ম্য ও আনাগোনা বেড়ে যায়। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ওই কিশোরের মা বলেন, ছেলে বাবা-মায়ের কথা মানতে চায় না। তার সঙ্গে আমরা পেরে উঠছি না। একপ্রকার জোর করেই মোটরসাইকেলটি কিনতে আমাদের বাধ্য করেছে। ছেলে অনলাইনে টুকটাক কাজ করে আয় করে। তার নিজের কিছু টাকা আছে। ওই টাকা দিয়ে মোটরসাইকেলের এসব পরিবর্তন করেছে। বলা যায়, তার কাছে আমরা অনেকটা অসহায়।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ করা সড়ক পরিবহণ আইন অনুযায়ী আইনবিরোধী। তার ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ করায় মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে পরিবর্তিত সাইলেন্সারটি খুলে নেওয়া হবে এবং তা পরবর্তীতে ফেরত দেওয়া হবে না।

এর আগে গত ১৮ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কেডির মোড়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক হিসাবরক্ষক আব্দুস সাত্তার (৬৫) নিহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম