কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলের মোহনায় ঢেউয়ের ধাক্কায় পর্যটকবাহী কাঠের নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য পানিতে পড়ে গেছেন। স্থানীয় জেলেদের তৎপরতায় দুই নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও ১৬ বছর বয়সী এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালিয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নিউজিল্যান্ডের ওই পরিবারের চার সদস্য নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় করে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে সোনাদিয়া চ্যানেলের মোহনায় পৌঁছালে বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি দুলতে শুরু করে। একপর্যায়ে ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এ সময় চারজনই নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা মাছ ধরার নৌকার জেলেরা দ্রুত এগিয়ে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া তিনজন হলেন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তাদের কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিখোঁজ কিশোরের নাম আলবার্ট, বয়স ১৬ বছর। দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলেদের পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার সন্ধানে তল্লাশি শুরু করেন। তবে বিকাল পাঁচটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় দুই জেলে জানান, কয়েক দিন ধরে নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কক্সবাজার, মহেশখালী ও সোনাদিয়ার আশপাশের এলাকায় ঘুরছিলেন। মঙ্গলবার সকালে তারা নাজিরারটেক উপকূল থেকে কাঠের নৌকায় করে সোনাদিয়ার উদ্দেশে যাত্রা করেন। চ্যানেলের মোহনায় পৌঁছালে বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজ কিশোরের সন্ধানে সোনাদিয়া চ্যানেল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
