দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ হয়েছে: ফয়জুল করিম
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম বলেছেন, দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। ছয়মাসে রাষ্ট্র পরিচালনায় বিএনপি ভালো কিছু দেখাতে পারেনি। বার বার গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। মানুষের জীবনযাত্রায় ব্যয় বাড়ার কারণে মানুষ স্বস্তিতে নেই।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত জাহিদ আল আমিন বুলবুলের পরিবারকে শান্ত্বনা দিতে এসে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বন্দরের চিহ্নিত সন্ত্রাসী শেখ সিফাতের বিরুদ্ধে বার বার অভিযোগ দেওয়ার পরও পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। আমি মনে করি প্রশাসনের ব্যর্থতার কারণেই আমার ভাই জহিদ আল আমিন বুলবুলকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, খুনিদের যদি বিচার হতো তবে দেশে একশ’ ভাগের একভাগ খুন হতো না। বিচার হয় না বলেই দেশে অপরাধ বাড়ছে।
