Logo
Logo
×
   

সারাদেশ

অদম্য মেধাবীর পাশে খাদ্যমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

অদম্য মেধাবীর পাশে খাদ্যমন্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের মাধ্যমে অদম্য মেধাবী সুষমাকে সহায়তা পাঠান খাদ্যমন্ত্রী

দারিদ্র্য যেন থামিয়ে দিতে বসেছিল তার উচ্চশিক্ষার স্বপ্ন। নানা প্রতিকূলতা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল মানিকগঞ্জ সদর উপজেলার ঘোনা গ্রামের এক মেধাবী তরুণী সুষমা রানী দাসের।

এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শিক্ষার্থীর আর্থিক সংকটের কথা জানতে পেরে খাদ্যমন্ত্রী নিজ অর্থায়নে তাকে আর্থিক সহায়তা দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের মাধ্যমে ওই সহায়তা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীর পরিবারের বসবাসের ঘরটি মেরামতেরও আশ্বাস দিয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ঘোনা গ্রামের যমুনা রানী দাসের মেয়ে সুষমা রানী দাস ছোটবেলা থেকেই মেধাবী। পরিবারের আর্থিক সংকট থাকলেও মেয়ের পড়াশোনা বন্ধ হোক, তা চাননি মা। নিজের মেধা ও অধ্যবসায়ের কারণে মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে চাপে পড়ে।

এ অবস্থায় খাদ্যমন্ত্রীর সহযোগিতা পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারটিতে। সহায়তা পাওয়ার পর ওই শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে।

এলাকাবাসী বলছেন, একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার উচ্চশিক্ষার পথ সহজ করার উদ্যোগটি প্রশংসনীয়। তাদের প্রত্যাশা, আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়।

ঘোনা গ্রামের এই তরুণীর স্বপ্ন এখন শুধু তার পরিবারের নয়, তাকে ঘিরে থাকা মানুষেরও। খাদ্যমন্ত্রীর সহযোগিতা সেই স্বপ্নের পথে সাময়িক আর্থিক বাধা দূর করে নতুন আশার আলো দেখিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম