ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিচাষের পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতেন আইয়ুব খান। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, হালচাষের পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
