Logo
Logo
×
   

সারাদেশ

দিনাজপুরে শ্রমিক বিক্ষোভ, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

দিনাজপুরে শ্রমিক বিক্ষোভ, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

ছবি: যুগান্তর

দিনাজপুরে মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পাশাপাশি দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা। এতে দিনাজপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুর শহরের বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করেন তারা। এতে শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।

বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর সরকারি কলেজ মোড়, মহারাজা মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গা মোড়—শহরের প্রধান চারটি প্রবেশপথে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আড়াআড়িভাবে রেখে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। শহরের আশপাশের বিভিন্ন সড়কেও শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। দিনাজপুর শহরের কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনেও কয়েকটি বাস দাঁড় করিয়ে প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। থানা চত্বরসহ আশপাশের এলাকায় অন্তত চার শতাধিক শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শহরের ভেতরের গলিপথে সীমিতসংখ্যক ইজিবাইক চলাচল করলেও শহর থেকে দূরপাল্লা বা আন্তজেলা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

থানা চত্বরে বিক্ষোভরত শ্রমিকদের দাবি, শেখ বাদশা দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে যাচ্ছেন। 

তাদের অভিযোগ, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কয়েকজন পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কিছু নেতাকর্মীর সহযোগিতায় পুলিশকে চাপ প্রয়োগ করে শেখ বাদশাকে গ্রেফতার করিয়েছেন, যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। বিক্ষোভকারীরা শেখ বাদশার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে, সড়ক অবরোধের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও শহরের বাসিন্দারা। ভোগান্তির শিকার যাত্রীরা বলেন, এভাবে কথায় কথায় সড়ক অবরোধের কারণে মনে হচ্ছে আমরা শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছি।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশা নামের ওই শ্রমিক নেতার নামে থানায় মামলা আছে। তিনি এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে। তার সমর্থকরা মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সাবেক নেতা (জুলাই অভ্যুত্থানের পরে সংবাদ সম্মেলন করে শ্রমিক লীগের পদ থেকে পদত্যাগ করেন)। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের সময় নির্ধারিত রয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর শহরের মহারাজা বটতলী (রাজারহাট) এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শেখ বাদশাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি করা বৈষম্যবিরোধী একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম