Logo
Logo
×
   

সারাদেশ

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

তালাত মাহমুদ শুভ ও আব্দুল্লাহ আল-ওমর। ছবি: সংগৃহীত

অনেক দিনের স্বপ্ন ছিল মোটরসাইকেল কেনার। সেই মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু ঘুরবেন, কাটাবেন আনন্দের সময়। কিন্তু শখের সেই মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই বন্ধু হলেন- তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। আব্দুল্লাহ আল-ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন শুভ ও ওমর। পথে বড়তাকিয়া গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। নতুন মোটরসাইকেল কিনতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজারে যান শুভ। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়ায় অর্থনৈতিক অঞ্চল সড়কের গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম