ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর ব্রিজে সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় যানজটে আটকে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচর থেকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
এর প্রভাবে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এছাড়াও বেশ কয়েকজন যাত্রীর ফ্লাইট মিস করেন বলে জানান তাদের স্বজনরা।
এদিকে ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন আমিরুন্নেছা নামে এক হৃদ্রোগী। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা আমিরুন্নেছাকে শুক্রবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে দাউদকান্দিতে যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। প্রায় ৪ ঘণ্টা আটকে থাকার পর শনিবার ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজন তারেক আল হাসান বলেন, দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাকে বাঁচানো যেত।
সড়ক বিভাগ জানায়, নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল থেকে সংস্কার কাজ শুরু হয়। এ সময় একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়।
দীর্ঘ যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্করা পড়েছেন বেশি ভোগান্তিতে। খাবার ও পানির সংকটেও পড়েছেন অনেকে।
এদিকে কুমিল্লার হাইওয়ে পুলিশ বলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজট কিছুটা স্বাভাবিক হচ্ছে সেটা আরও কিছু সময় লাগবে। প্রবাসী যাত্রীদের জন্য কুমিল্লার অংশ পারাপারের জন্য তারা বিকল্প সড়ক ব্যবহার করছেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আহমেদ বলেন, নারায়ণগঞ্জ এলাকায় সড়ক সংস্কারের প্রভাব পড়েছে গোটা মহাসড়কে। এতে শনিবার দুপুর পর্যন্ত স্থবির ছিল মহাসড়ক। আমরা যানজট নিরসনে কাজ করছি। যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের এক রোগীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

-6a92a0cb223d0.jpg)