Logo
Logo
×
   

সারাদেশ

খাদ্যমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় প্রতি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

দুর্যোগ মোকাবিলায় প্রতি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে

মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

খাদ্যগুদামে মজুতের পরিমাণ, খাদ্যশস্যের গুণগতমান এবং নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এজন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে। সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আফরোজা খানম রিতা বলেন, যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি আসতে পারে। তখন যেন আমরা সামাল দিতে পারি, সেভাবে মজুত করা হচ্ছে। খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কিনা এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কিনা, তা নিশ্চিত করাই তার প্রথম কাজ বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে গুদামগুলোতে মজুত খাদ্যশস্যের পরিমাণ ও গুণগতমানসহ সার্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এখানে মজুত করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জে যেভাবে খাদ্য মজুত রয়েছে, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের মজুত রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে। বাংলাদেশের জনগণের কাছে আমাদের ধান, চাল, গমসহ যা আছে, সেগুলো আমরা সাধারণ জনগণের কাছে সুন্দরভাবে সরবরাহ করতে পারব।

সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়ম পাওয়া প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

খাদ্যগুদাম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম