Logo
Logo
×
   

সারাদেশ

বোয়ালমারীতে পাঁচ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

বোয়ালমারীতে পাঁচ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

আহতদের মধ্যে কবির মোল্যার অবস্থা আশঙ্কাজনক।

ফরিদপুরের বোয়ালমারীতে ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এ সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের মওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ জিহাদের সঙ্গে পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার বিকালে ময়েনদিয়া দাইপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মান্নান মাতুব্বরের লোকজন জিহাদের সমর্থকদের মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে শনিবার সাপ্তাহিক হাটে যাওয়ার পথে জিহাদের সমর্থক সোলায়মান মাতুব্বরের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এতে সোলায়মান মাতুব্বর গুরুতর আহত হন।

খবর পেয়ে মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে গিয়ে আহত সোলায়মানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার ওপরও হামলার ঘটনা ঘটে। এতে তিনিও রক্তাক্ত জখম হন।

এ হামলায় ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান ও নটখোলা গ্রামের তারা মিয়ার নেতৃত্বে তাদের লোকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রোববার সকাল থেকেই উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালায়। বিকালে জিহাদের সমর্থকেরা পরমেশ্বরদী গ্রামের ছরোয়ার খাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাট ও পেঁয়াজ লুট করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে ধুলজোড়া ব্রিজ এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের বোয়ালমারী ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কবির মোল্যার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বক্তব্য জানতে সংঘর্ষে উভয় পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, সন্ধ্যার পর কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম