সৌদিতে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের তায়েফ শহরে দুর্বৃত্তের গুলিতে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার ভোরে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজীবাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু নাসের চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ভোরে কামরুল সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে দাঁড়িয়ে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক সৌদি তরুণ সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ঘটনাটি দেখে কামরুলের দুই সহকর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপি সদস্য আবু নাসের চৌধুরী বলেন, কামরুলের বাবা পেশায় কৃষক। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান কামরুল। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। তবে কী কারণে ওই সৌদি তরুণ কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-6a94aca178056.jpg)