ক্লাস চলাকালে দুই শিক্ষার্থীকে মারধর বহিরাগতদের
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। আগের দিনের শিক্ষার্থীদের ঝগড়ার জেরে সোমবার গণিত ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। পরে আহত দুই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জানা যায়, রোববার বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে সোমবার গণিত ক্লাস চলাকালে শ্রেণি শিক্ষক জহুরুল ইসলাম সিদ্দিকীর উপস্থিতিতে কয়েক বহিরাগত শ্রেণিকক্ষে ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী রাকিবকে মারধর শুরু করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার সহপাঠী জাহিদও মারধরের শিকার হয়। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে বহিরাগতদের প্রবেশ করে শিক্ষার্থীকে মারধরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম রেজা জানান, ‘আমি ছুটিতে আছি। ফোনে ঘটনার বিষয়ে বিস্তারিত শুনেছি। বিষয়টি নিষ্পত্তির জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যাচ্ছি। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
