‘সরকারের বিরোধিতা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে’
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার
|
ফলো করুন |
|
|---|---|
এনসিপি-জামায়াতে ইসলামীর উদ্দেশে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, উন্নয়নের সঙ্গে থাকলে বাংলাদেশের উন্নতি হবে। ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবেন। সরকারের বিরোধিতা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। বাংলাদেশের লাখো-জনতা নির্যাতিত হয়েছিল ওই স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাতে। গুম ও খুনের শিকার হয়েছে। তাদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত ও দেশের জন্য যুদ্ধ করেছেন। অথচ নতুন একটি দল রাস্তায় মাইক হাতে পেলেই আবোল-তাবোল বলা শুরু করে।
যারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের উদ্দেশ করে তালুকদার খোকন বলেন, বিএনপি রাতের ভোটে নির্বাচিত হয়নি। জনগণের বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করতে পেরেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে কথা বলছে বর্তমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
