বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপক্ষের সংঘর্ষে পরিদর্শকসহ আহত ১০
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপক্ষের সংঘর্ষে পরিদর্শকসহ আহত ১০
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপক্ষের সংঘর্ষে পরিদর্শকসহ (তদন্ত) ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থকদের মধ্যে শ্রীনগর জমজম টাওয়ারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মো. আব্দুল্লাহ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের কিছু নেতাকর্মী ও সমর্থক ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের মাথা ফেটে গেছে।
আহতদের মধ্যে অহিদুল ইসলাম খোকন মেম্বার (৫২), রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০), বাবুল খান (৪৫), অনিক (৩২) রনি (২৭) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় র্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
