মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আমরা জনগণের সেবক, মানুষ যেন কষ্ট না পায়: খাদ্যমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আমরা এখন জনগণের সেবকের ভূমিকায়। আমাদের কাজ এখন জনগণের সেবা করা। কোনোভাবেই যেন জনগণ কষ্ট না পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার বিএনপিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করেছে। দলের অসংখ্য নেতাকর্মীকে মামলা-হামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়নের শিকার হতে হয়েছে। কিন্তু দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়।
তিনি বলেন, এখন আমাদের দেশ গঠনে মনোযোগী হতে হবে। জনগণের সেবক হিসেবে নেতাকর্মীদের কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকে সরকার ও দলকে সহযোগিতা করতে হবে।
মানিকগঞ্জকে উন্নয়নের জেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি কাজ করছেন। আপনারা আমাদের সেগুলো স্মরণ করিয়ে দেবেন। তাহলে আমাদের যে স্বপ্ন ও লক্ষ্য, এই মানিকগঞ্জ জেলাকে উন্নয়নের জেলায় পরিণত করা, সেটা করা সম্ভব হবে।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিশেষ অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, ‘সকল বিভেদ ভুলে দলের ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করা নেতাকর্মীদের দায়িত্ব। সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার পাশাপাশি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পষিদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলে আহ্ববায়ক কাজী মোশতাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।
