স্বর্ণের দোকানে কর্মচারীর বিবস্ত্র লাশ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামে এক ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার হাসাইল-বানারী ইউনিয়নের হাসাইল বাজারে অমিত সরকার গোবিন্দর স্বর্ণের দোকানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
সুমন দে উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত নারায়ণ দের ছেলে। তিনি হাসাইল এলাকার অমিত সরকারের স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দে দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বসত বাড়ি দূরে হওয়ায় তিনি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দোকানেই থাকতেন। সোমবার রাত ৯টায় দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ তাকে দোকানে রেখে বাড়িতে চলে যান। রাতে সুমন দে তার স্ত্রী সরস্বতীর (৪০) সঙ্গে ভিডিও কলে কথা বলেন। সুমন দে প্রতিদিন সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে দোকান খুলতেন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চালের দোকানদার মঞ্জু রায় তাকে মোবাইলে ফোন দেন। ফোন না ধরায় আশপাশের দোকানদারদের নিয়ে সাঁটারে ধাক্কা দিলে একপাশ খোলা পাওয়া যায়। সাঁটার উঠিয়ে ভিতরে গিয়ে তারা দেখতে পান সুমন দে উলঙ্গ ও মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তারা দ্রুত সাঁটার নামিয়ে দোকান মালিক অমিত সরকার গোবিন্দ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে বিষয়টি জানান।
টঙ্গীবাড়ী থানার ওসি শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে। দোকানের মালিক ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
