|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামের এক বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধীনে মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জামিল হাসান শিষ (২৫) সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে।
গত ২২ আগস্ট তিনি মিনাটিলা বিওপিতে যোগদান করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে ওয়াচ টাওয়ারে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরপূর্বক তদন্ত চালানো হচ্ছে। এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
