Logo
Logo
×
   

সারাদেশ

নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা

নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পরে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় নেতাকর্মীদের জন্য আনন্দের দিন নয়, এটি দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ধারার ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ দিন। 

এ সময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।       

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম