হাটহাজারীতে রিকশা গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজ মালিক দেশের বাইরে থাকার সুযোগে দীর্ঘদিন গ্যারেজটি পরিচালনা করতেন মেকানিক ওসমান। গ্যারেজটি পরিচালনার আড়ালে সেখানে তিনি তৈরি করতেন অস্ত্র। তার তৈরি এসব অস্ত্র চিহ্নিত সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন রাজমিস্ত্রি জামাল এবং অটোরিকশাচালক কবির।
সোমবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে দুজনকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য ওঠে আসে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।
গ্রেফতার দুজন হলেন- মির্জাপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের জামাল হোসেন প্রকাশ জামাল মিস্ত্রি (৪৪) ও কবির (৪৭)। দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক। তবে দুজনই আড়ালে অস্ত্র বিক্রি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

