বাউফলে স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষ
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম
বিদ্যালয়ের মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল অনুযায়ী মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য সভা আহ্বান করেন প্রধান শিক্ষক।
সভাপতি নির্বাচনের জন্য উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন চলাকালে সভাপতি পদের জন্য শাহজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করেন উপস্থিত কয়েকজন সদস্য। পরে প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এ সময় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল।
একপর্যায়ে তার সঙ্গে শাহজাহান খানের ভাই বগা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল খানের তর্ক-বিতর্ক হয়। পরে নজরুল খান ও তার সহযোগীরা সোহেলের সঙ্গে তর্ক-বিতর্ক, হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।
সোহেল অভিযোগ করেন, ম্যানেজিং কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু ওই সভায় পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। ফলে কোরাম পূর্ণ না হওয়ায় সভাপতি নির্বাচন করার সুযোগ ছিল না। এরপরও প্রিসাইডিং কর্মকর্তা সভাপতি হিসেবে শাহজাহান খানের নাম ঘোষণা করেন।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, যেহেতু একমাত্র প্রার্থী শাহজাহান খান এবং তার নাম প্রস্তাব ও সমর্থন করা হয়েছে, দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় আমি তাকে নির্বাচিত ঘোষণা করেছি। এতে আমার কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না।
তিনি আরও বলেন, মূলত এই ম্যানেজিং কমিটির অনুমোদন দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়ম অনুযায়ী কমপক্ষে ছয়জন সদস্য থাকা দরকার। তবে ইউএনও স্যার বলেছেন, প্রধান শিক্ষক বারবার নোটিশ দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানোর পরও অনেকে আসছেন না। তাই যতজন উপস্থিত পাওয়া যায়, তাদের উপস্থিতি নিয়ে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কাগজপত্র দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অনিয়মের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করা হয়েছে। আমাকে কিল-ঘুষি মেরে জখম করা হয়েছে।
বিএনপি নেতা নজরুল খান বলেন, ম্যানেজিং কমিটির মিটিং উপলক্ষে আমাকে দাওয়াত করা হয়েছিল, তাই আমি এখানে এসেছি। ভুয়া জমিদাতা সেজে এই স্কুলে দীর্ঘদিন রাজত্ব চলছে। সোহেল গংয়ের কারণে অন্য কেউ বিদ্যালয়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেনি।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। ডিএসবি সদস্যদেরও জানানো হয়নি। এ বিষয়ে আমি শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6a97a6d5c4695.jpg)