Logo
Logo
×
   

সারাদেশ

ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী অমিত

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী অমিত

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার অন্তরালে এক হচ্ছে। কোনো সুপ্ত কিংবা গুপ্ত সংগঠন যাতে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচি ব্যর্থ করে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু বিএনপি নয়, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও ব্যর্থ হয়ে যাবে। তাই বাংলাদেশকে সফল করতে এবং গত জুলাই আন্দোলন ও দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহকর্মীদের আত্মত্যাগের মূল্য দিতে হলে বর্তমান সরকারকে সফল করতে হবে।

তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলব, অথচ ফ্যাসিস্টের ভাষায় কথা বলব, প্রতিমুহূর্তে অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করব এবং বড়দের অসম্মান করব—এটি কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি বাংলাদেশের মাটির সংস্কৃতি নয় এবং বিএনপিও এই সংস্কৃতি ধারণ করে না।

বিএনপির প্রতিষ্ঠা ও দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যে বীজ বপন করেছিলেন, সেটি আজ মহীরুহে পরিণত হয়েছে। আজকের গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে যে গর্ব করা হয়, সেই গণতন্ত্রের ভিত্তিভূমি রচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ বাংলাদেশ যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

যশোরের উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইতোমধ্যে গত ছয় মাসে প্রধানমন্ত্রী যশোরবাসীকে যে উপহার দিয়েছেন, দেড় যুগের বেশি সময় আওয়ামী লীগ সরকারে থেকেও তা দিতে পারেনি। যশোরের মানুষের যেসব উন্নয়ন চাহিদা রয়েছে, বিএনপি অতীতের মতো আবারও সেসব চাহিদা পূরণ করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

সমাবেশের শুরুতে অনিন্দ্য ইসলাম অমিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন। সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম