Logo
Logo
×
   

সারাদেশ

কক্সবাজারে ১৪ কেজি আইসসহ আটক ১

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

কক্সবাজারে ১৪ কেজি আইসসহ আটক ১

ছবি: যুগান্তর

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে দুটি কাঠের বোটও জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মোহাম্মদ মোস্তফা (২২)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে।

কমান্ডার আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে জালিয়ার দ্বীপ ও জালিয়া পাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবনে এবং জালিয়া পাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে দুটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কোস্টগার্ড স্টেশন টেকনাফের আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোহাম্মদ মোস্তফা বলে জানায় কোস্টগার্ড।

জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম