মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা এলাকায় বেস্ট ইটভাটা-সংলগ্ন ধানখেতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের বাছার বাড়ির মনোরঞ্জন বাছারের ছেলে বিধান বাছার (৫০) ও মানিক বাছার (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন শ্রমিক মহিষপুরা এলাকায় ধানের চারা রোপণের কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বিধান ও মানিক নিহত হন। এ সময় শান্ত মিস্ত্রি ও সুশীল মিস্ত্রি নামে আরও দুই শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের ভাতিজা রাজিব বাছার ও মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান।
