যুগান্তরে সংবাদ প্রকাশ
স্বাস্থ্যের সেই বিতর্কিত কর্মকর্তাকে রাঙামাটি, স্ত্রীকে সুনামগঞ্জে বদলি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর অবশেষে সিলেটের পরিবার পরিকল্পনা কার্যালয়ের বহুল আলোচিত ও বিতর্কিত দম্পতি উপপরিচালক (ডিডি) মো. নিয়াজুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী মেডিকেল কর্মকর্তা ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে উপপরিচালক মো. নিয়াজুর রহমানকে সিলেট থেকে বদলি করে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৪ সেপ্টেম্বর থেকে তিনি ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
এর আগে গত ১৮ আগস্টের প্রজ্ঞাপনে ডা. সুবর্ণা রায় তুলিকে সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলি করা হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, তিনি বদলিকৃত কর্মস্থল এড়িয়ে সুনামগঞ্জ জেলা কার্যালয়ে যোগ দেওয়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট দৈনিক যুগান্তরে ‘সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়: স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী’ শিরোনামে এক বিস্তৃত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ডিডি স্বামীর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ডা. তুলির দপ্তর নিয়ন্ত্রণ, ব্যাপক বদলি ও নিয়োগ বাণিজ্য, ৬ মাসে মাত্র ৩৩ দিন অফিসে উপস্থিতি, রোগীদের ফ্রিজ নিজ দপ্তরে নিয়ে আসা, কথায় কথায় কর্মচারীদের শোকজ করে ‘শোকজ তুলি’ খেতাব অর্জন এবং দম্পতির টিএ বিল ও সরকারি গাড়ি আত্মসাৎসহ বিবিধ দুর্নীতির তথ্য চিত্র তুলে ধরা হয়।
এ সংবাদের পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে এই কঠোর বদলির নির্দেশ প্রদান করা হলো।
