Logo
Logo
×
   

সারাদেশ

নারী উদ্যোক্তাকে মারধর, ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

নারী উদ্যোক্তাকে মারধর, ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সাইফুজ্জামান ফারুকী। ছবি: যুগান্তর

রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। 

বুধবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) সাইফুজ্জামান ফারুকী ঘটনাস্থল রাজবাড়ী কাপড় বাজার পরিদর্শন করেছেন। 

এ সময় তদন্ত কমিটির সদস্য ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাইফুজ্জামান ফারুকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বাজারের ব্যবসায়ীদের বক্তব্য নেওয়া হবে। প্রয়োজনে গোপনেও তথ্য সংগ্রহ করে সব পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে প্রতিবেদন দেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার সময় পুলিশের কোনো দায়িত্বে অবহেলা ছিল কি-না, সেটিও তদন্ত করা হবে। নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় কেন হামলার ঘটনা ঘটল, ঘটনাস্থল থেকে মার্কেট ও প্রধান সড়কের দূরত্বসহ বিভিন্ন বিষয় নিয়েও বিশ্লেষণ করা হবে। 

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজারে ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পরে ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও নারী অধিকার সংগঠন মানববন্ধন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম