|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক গাড়িচাপায় আহমদ আলী (২০) নামের এক লাকড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে তাজপুর বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই গাড়িটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
নিহত আহমদ আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাজপুর বাজারে অবস্থান করে লাকড়ির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আহমদ আলী তাজপুর বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়িটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা-পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
