Logo
Logo
×
   

সারাদেশ

স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত

Icon

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে (২৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউড়া গ্রামে পলাশের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পলাশ পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি ব্যবসা চালু করেন।

পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ শ্বশুরবাড়ি থেকে স্ত্রী লিজাকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম