সাংবাদিককে হুমকি দেওয়া সেই স্বাস্থ্যকর্মী বদলি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বদলির আদেশ দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা দপ্তর। অভিযোগের শাস্তিস্বরূপ তাকে এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) উপপরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত পত্রে ফরিদার বদলির আদেশ জারি করা হয়।
জানা যায়, স্বাস্থ্যকর্মী ফরিদার বাসায় নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যু হয়। এ সংক্রান্ত সংবাদ সংগ্রহে এক সাংবাদিক উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদাকে কয়েকটি প্রশ্ন করেন এবং ভিডিও ধারণ করেন। ফরিদা প্রশ্নগুলোর উত্তর না দিয়ে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন এবং অকথ্য ভাষায় তার মা-বাবাকে গালাগাল করেন। একই সঙ্গে সাংবাদিকের বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ২০ আগস্ট যুগান্তরসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বদলির আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, স্বাস্থ্যকর্মী ফরিদার বিরুদ্ধে গোবিন্দাসী পরিবার পরিকল্পনা কার্যালয় ও নিজ বাড়িতে নরমাল ডেলিভারি করানোর সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে, যা তিনি নিজেও স্বীকার করেছেন বলে জানা গেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ভিডিওটি পর্যালোচনা করে এবং সরেজমিনে তদন্ত চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে স্বাস্থ্যকর্মী ফরিদাকে ভূঞাপুর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাট পরিবার কল্যাণ দপ্তরে বদলির আদেশ দেওয়া হয়।
