নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী-নাটোর রুটে সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য জেলার সব বাস নাটোরের উপর দিয়ে রাজশাহী রুটে চলাচল করছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে ওই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিকালেও সমস্যার সমাধান হয়নি।
নাটোর পরিবহণ শ্রমিকরা জানান, রাজশাহীর মালিক রাব্বি পরিবহণের একটি বাস চলাচলকে নিয়ে গতরাতে রাজশাহী বাসস্ট্যান্ডে আরপি রোকেয়া ও তুহিন পরিবহণের শ্রমিকদের মারপিট করেন রাজশাহীর শ্রমিকরা।
নাটোর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় রাজশাহী মালিকের একটি বাস নাটোরে আটকে রাখলেও পরে ছেড়ে দেওয়া হয়। কোনো শ্রমিককে মারপিট করা হয়নি। শুধু নাটোর ও রাজশাহী মালিকের বাস এ রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে। আর সব জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, রাব্বি পরিবহণের একটি বাস নিয়ম না মেনে রাজশাহী থেকে নাটোর হয়ে আলমডাঙ্গা রুটে চলাচল করবে। বাসটি চলাচলে নাটোর মালিক সমিতি সম্মতি না দেওয়ায় তারা গতরাতে যাত্রীসহ নাটোরের তুহিন পরিবহণ, আরপি নাইচ পরিবহণসহ ৯টি বাস আটকে রেখে শ্রমিকদের মারপিট করেন। তারপর থেকে রাজশাহী মালিকের কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। নাটোরের মালিকের বাসও রাজশাহীতে যাচ্ছে না। তবে ঢাকাগামী সব বাস চলচল স্বাভাবিক আছে।
রাজশাহী পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও রাব্বি পরিবহণের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে আলমডাঙ্গা রুটে রাব্বি পরিবহণ চলাচলের জন্য নাটোর মালিক সমিতিকে জানানো হয়। কিন্তু তারা অসৌজন্যমূলক আচরণ করে। পরে রাতে নাটোরে রাব্বি পরিবহণের একটি বাস আটক করে শ্রমিককে মারপিট করে। এ খবর জানার পরে নাটোরের বাস আটকে রাখা হয়। তবে তাদের শ্রমিককে মারপিটের কোনো ঘটনা ঘটেনি।

