জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত চারজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নাজিমুদ্দিন বুড়িশ্বর গ্রামের আবদুল আউয়ালের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় মাথায় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজলু হক ও ডায়লাবাড়ির আবদুল আউয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় গত আগস্টে আবদুল আউয়ালের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়।
শুক্রবার সকালে ফজলু হকের পক্ষের লোকজন দাবি করেন, মামলায় উল্লেখ করা পুকুরের মধ্যে তাদেরও জায়গা রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নাজিমুদ্দিন মাথায় টেঁটাবিদ্ধ হোন।
সংঘর্ষে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জেরেই সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
নাসিরনগর থানার এসআই মো. জাহান বলেন, সংঘর্ষের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

-6a9ae03b9d342.jpg)