মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে পুলিশ বাবা আমীর হোসেনকে (৬০) গ্রেফতার করেছে। নিহতের মা তাসলিমা খাতুন বাদী হয়ে হত্যার অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মৃতের নাম আইনুন নাহার আনিতা। তার আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে।
জানা গেছে, আনিতার বাবার বাড়ি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। প্রায় ৪ বছর আগে উপজেলার গোলাপনগরে পারিবারিকভাবে মহিনের সঙ্গে বিয়ে। ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে আনিতা বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান ভুলে তারা আবারও সংসারি হওয়ার সিদ্ধান্ত নেন; কিন্তু বাধা হয়ে দাঁড়ান তার বাবা আমীর হোসেন।
গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন আনিতা। এতে বাধা দেন বাবা। সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে মেয়ের শ্বাসরোধ করে হত্যা করে। রাতেই সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরদিন মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমীর হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিবের নামাজের ঠিক আগমুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না পেঁচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার উপর পড়ে আছে। আমার স্বামী স্বীকার করেছে, সেই মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আমীর হোসেন তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
