Logo
Logo
×
   

ডাক্তার আছেন

চিয়া ওয়াটার ভালো না লাগলেও ফাইবার পেতে ট্রাই করুন এই ৬ রেসিপি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম

চিয়া ওয়াটার ভালো না লাগলেও ফাইবার পেতে ট্রাই করুন এই ৬ রেসিপি

ছবি: সংগৃহীত

চিয়া ওয়াটার বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের দৈনন্দিন ডায়েটের একটি পরিচিত অংশ হয়ে উঠেছে। ফাইবারসহ এর নানাবিধ উপকারের কারণে অনেকে এটি পান করলেও এর জেলীযুক্ত টেক্সচার বা স্বাদ সবার পছন্দ হয় না। 

আর তাই চিয়া ওয়াটারের বিকল্প হিসেবে চিয়া সিড বা চিয়া বীজ খাওয়ার দারুণ কিছু উপায় বাতলে দিয়েছেন ফ্লোরিডার ড্যাভেনপোর্টের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. জোসেফ সালহাব। তার মতে, চিয়া ওয়াটার পান না করেও বিভিন্ন সুস্বাদু খাবারের মাধ্যমে এই সুপারফুডের পুষ্টিগুণ লাভ করা সম্ভব।

সম্প্রতি এক পোস্টে ড. সালহাব জানান যে তিনি নিজে চিয়া ওয়াটার খুব একটা পছন্দ করেন না। তিনি বলেন, চিয়া বীজের পুষ্টি ও ফাইবার পেতে হলে যে চিয়া ওয়াটারই পান করতে হবে, এমন কোনো কথা নেই। 

চিয়া বীজে রয়েছে ভরপুর ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, প্ল্যান্ট-ভিত্তিক ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং বিভিন্ন পুষ্টি উপাদান, যা পরিপাকতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম বাড়াতে অত্যন্ত কার্যকর। 

যাদের আস্ত চিয়া বীজের টেক্সচার ভালো লাগে না, তারা গুঁড়ো করা চিয়া বীজ ব্যবহার করতে পারেন। খাবারের সাথে মিশে যাওয়ার পর এগুলো প্রায় অদৃশ্যই থাকে এবং ফাইবার গ্রহণের এটি অন্যতম সহজ মাধ্যম।

ড. সালহাবের প্রস্তাবিত গুঁড়ো করা চিয়া বীজের ফাইবারসমৃদ্ধ ৬টি সুস্বাদু ও স্বাস্থ্যকর উপায় বিস্তারিত আলোচনা করা হলো:

ব্লুবেরি চিয়া দই: এক কাপ গ্রিক দইয়ের সাথে ১ টেবিল চামচ চিয়া বীজ, আধ কাপ ব্লুবেরি এবং ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এটি তৈরি করার পর ১৫ থেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন অথবা সাথে সাথেই উপভোগ করতে পারেন।

স্ট্রবেরি চিয়া ওভারনাইট ওটস: আধ কাপ ওটস, ১ টেবিল চামচ চিয়া বীজ, আধ কাপ দুধ এবং আধ কাপ কুচানো স্ট্রবেরি একসঙ্গে মিশিয়ে সারারাত ফ্রিজে রেখে দিন। সকালে এটি একটি পুষ্টিকর ও ঝটপট সকালের নাস্তা হিসেবে দারুণ জমে উঠবে।

বেরি কেফির স্মুদি: এক কাপ কেফির, এক কাপ মিশ্র বেরি এবং ১ টেবিল চামচ গুঁড়ো চিয়া বীজ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ এই স্মুদি শরীরকে সতেজ রাখার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করবে।

নাট বাটার স্যান্ডউইচ: প্রিয় ব্রেড বা টোস্টে মাখানোর আগে পিন্ট বাটার বা আমন্ড বাটারের সঙ্গে ১ টেবিল চামচ গুঁড়ো চিয়া বীজ ভালোভাবে মিশিয়ে নিন। এটি সাধারণ স্যান্ডউইচকেই আরও বেশি স্বাস্থ্যকর করে তুলবে।

চিয়া মাফিন: যেকোনো পছন্দের মাফিন ব্যাটার বা মিশ্রণ তৈরি করার সময় তাতে ১ থেকে ২ টেবিল চামচ চিয়া বীজ যোগ করুন। এটি বেক করার পর খাবারের ফাইবার মাত্রা অনায়াসেই বাড়িয়ে দেবে।

স্টাফড ডেটস: কিছু পাকা খেজুরের ভেতরে কুচানো বাদাম ভরে দিন এবং এর ওপর সামান্য গুঁড়ো চিয়া বীজ ছড়িয়ে দিন। এটি মিষ্টি খাওয়ার চাহিদার পাশাপাশি প্রাকৃতিকভাবে ফাইবার ও শক্তির জোগান দেবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .