Logo
Logo
×
   

অর্থনীতি

বৃহস্পতিবার শুরু জাতীয় হজ-ওমরাহ মেলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

বৃহস্পতিবার শুরু জাতীয় হজ-ওমরাহ মেলা

শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় হজ-ওমরাহ মেলা। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা অনুষ্ঠিত হবে। যা চলবে ১ আগস্ট পর্যন্ত। এ সময় হজ প্যাকেজ বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন নিবন্ধনকারীরা বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, সহসভাপতি নূর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব জাফর উদ্দিন, অর্থ সচিব আব্দুল হামিদ, মুফতি জাহিদ আলম, কাউসার আহমেদ, শাহীন আলম, আনসারী ও এএন এইচ খাদেম দুলালসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হাব মহাসচিব জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদিত এজেন্সিগুলো স্টল স্থাপন করবে। আগ্রহীরা বিভিন্ন এজেন্সির হজ প্যাকেজ, মূল্য ও সেবাসুবিধা তুলনা করে মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি পছন্দের এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তি করতে পারবেন। 

তিনি জানান, মেলার তিন দিন হজ প্যাকেজ বুকিংয়ে বিশেষ ছাড় দেওয়া হবে এবং হজ ও ওমরাহ পালনে আগ্রহীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, মেলার অন্যতম উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের হজযাত্রীদের সঙ্গে অনুমোদিত এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে প্রতারক, গ্রুপ লিডার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং হজযাত্রীরা প্রতারণা ও অর্থ আত্মসাতের ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন।

হাব মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠান, এমনকি কিছু পরিচিত ব্যক্তিও অনৈতিকভাবে হজযাত্রী সংগ্রহ করছেন। এতে অনেক ধর্মপ্রাণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। তিনি হজ ও ওমরাহ গমনেচ্ছুদের এজেন্সির লাইসেন্স যাচাই করে চুক্তিবদ্ধ হওয়া এবং সরাসরি এজেন্সির ব্যাংক হিসাবেই অর্থ জমা দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি জানান, সৌদি সরকার ২০২৭ সালের হজের নতুন রোডম্যাপ ও গাইডলাইন ঘোষণা করেছে। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করা, ডি ক্যাটাগরি প্রত্যাহারসহ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ পালন আরও ব্যয়বহুল ও কষ্টসাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের দ্রুত উদ্যোগ কামনা করেন হাব মহাসচিব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .