Logo
Logo
×
   

বিনোদন

অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর

কাঁধের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেন অভিনেতা।

হাসপাতালে জুনিয়র এনটিআরের কাঁধে ‘আর্থ্রোস্কোপিক’ পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়েছে। অস্থিসন্ধির বিভিন্ন সমস্যা নির্ণয় ও চিকিৎসায় আধুনিক এই পদ্ধতি ব্যবহার করা হয়। এতে ছোট ক্যামেরাযুক্ত একটি নল শরীরের নির্দিষ্ট অংশ দিয়ে প্রবেশ করিয়ে অস্থিসন্ধির ভেতরের অবস্থা দেখা হয় এবং প্রয়োজন অনুযায়ী সেখানেই চিকিৎসা বা অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় জুনিয়র এনটিআর ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসকদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিবার, বন্ধু ও অনুরাগীদের সমর্থন তাকে প্রতিনিয়ত সাহস জোগায় বলেও উল্লেখ করেন অভিনেতা।

শিগগিরই আবার সবার সঙ্গে দেখা করার আশাবাদ ব্যক্ত করেছেন জুনিয়র এনটিআর। তার এই বার্তা প্রকাশের পর স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে দ্রুত জমেছে শুভেচ্ছা ও দ্রুত সুস্থতার প্রার্থনা। অনেকেই অভিনেতাকে আরও কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, গত ২৭ জুলাই কাঁধে চোট পান জুনিয়র এনটিআর। এরপর চিকিৎসকেরা তাকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে ঠিক কীভাবে এই চোট পেয়েছেন, সে বিষয়ে অভিনেতা বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে তার নতুন সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। ছবিটির শুটিংয়ের সময়ই অভিনেতা চোট পেয়েছেন বলে ধারণা করছেন অনেকে। যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অস্ত্রোপচার সফল হওয়ায় এখন মূল লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি স্বাভাবিক কাজকর্মে ফিরতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .