Logo
Logo
×
   

বিনোদন

রোমান্টিক আবহে দেব-শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

রোমান্টিক আবহে দেব-শুভশ্রী

ফাইল ছবি

একসময়ের টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে আবারও জুটি হয়ে কাজ শুরু করেছেন। সময়ের ব্যবধানে তা অনেক হলেও মাঝখানে মনোমালিন্যে ভাটা পড়েছিল। ইন্ডাস্ট্রিতে থাকলেও দুজন দুদিকে ছিল। তবে দীর্ঘদিন পর মান-অভিমান ভুলে গত বছর তাদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল। যদিও সেই সিনেমাটির কাজ হয়েছিল ২০১৫ সালে। 

তবে এবার ‘দেশু ৭’ দিয়ে নতুন করে জুটি বাঁধলেন দেব-শুভশ্রী। এ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। এ সিনেমাটি দিয়েই প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন দেব। তাই ভক্ত-অনুরাগীদের কাছে 'দেব-শু ৭' সিনেমাটি একটু বেশিই বিশেষ। আগামী ১৬ অক্টোবর মুক্তির লক্ষ্যে পুরোদমে শুটিং করে চলেছেন এ তারকা জুটি।

দেব ও শুভশ্রী হচ্ছে টালিউডের অন্যতম সফল জুটি। তাদের সব সিনেমাই হয়েছে ব্যবসাসফল। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে ‘দেশু’ বিপুল জনপ্রিয়। কিন্তু মাঝের ব্যক্তিগত কারণে অনেক বছর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। এতেই ভক্তরা মর্মাহত ছিলেন। তবে আবারও প্রাণ ফিরেছে 'দেশু' ভক্ত-অনুরাগীদের। দীর্ঘ বিরতির পর জুটি হয়ে শুটিংয়ে ফিরেছেন দেব-শুভশ্রী। 

দেব পরিচালিতি ‘দেশু ৭’ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত হয়েছে তাদের প্রথম পোস্টার। যেখানে পুরনো আমেজের রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এ তারকা জুটি।

পোস্টারে দেখা গেছে, পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে আছেন দেব, অন্যদিকে তাকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করা এই ফার্স্টলুকের ক্যাপশনে লেখা হয়েছে— ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’  

তাদের দুজনের এই প্রেমময় মুহূর্তে মজেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনসহ ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টের পরপরই প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া আর কয়েক হাজার মন্তব্য জমা পড়েছে।

শুধু তাই নয়, সিনেমাপ্রেমী দর্শকদের পাশাপাশি দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে উচ্ছ্বসিত তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী-নির্মাতা রাজ চক্রবর্তীও শুভেচ্ছা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .