Logo
Logo
×
   

বিনোদন

ফোবানার সাংস্কৃতিক সম্মেলনে প্রবাসীদের মাতাবেন জায়েদ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম

ফোবানার সাংস্কৃতিক সম্মেলনে প্রবাসীদের মাতাবেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

২০২৪ সালের পর থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছেন অভিনেতা জায়েদ খান। দুই বছর হলো আমেরিকায় এক রকম থিতু হয়েছেন এ অভিনেতা। 

সেখানেই খুঁটি শক্ত করে চলেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি দিন দিন আরও উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এবার আমেরিকায় প্রবাসী বাঙালিদের নাচে-গানে মাতিয়ে তুলবেন তিনি। 

অন্য অনেকের মতো ভিন্ন পেশা বা কাজে জড়াননি জায়েদ খান। অভিনয় আর নিজের স্বভাবসুলভ পারফরম্যান্সেই ব্যস্ত রয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি অংশ নেবেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। 

আমেরিকায় বাঙালিদের অন্যতম বড় উৎসব ‘ফোবানা সম্মেলন’-এর ৪০তম আসর বসছে। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন এই অভিনেতা। নাচে-গানে মাতিয়ে তুলবেন প্রবাসীদের। 

অরল্যান্ডোর হলিডে ইন রিসোর্ট কিসিমিতে বসছে এবারের ফোবানা সম্মেলন। সেই সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশ-বিদেশের সফল বাঙালিদের পাশাপাশি আরও অনেক তারকাই থাকবেন তিন দিনব্যাপী এই উৎসবে। 

সম্প্রতি একটি গণমাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমেরিকায় এসেও আমি নিজের পরিচয়টা হারিয়ে যেতে দিইনি। সাংস্কৃতিক কাজেই আছি। বরং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছি। 

অভিনেতা বলেন, এবার প্রথমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানার সম্মেলনে পারফর্ম করব। এত বড় আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সে জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি বাঙালিদের সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।

উল্লেখ্য, অভিনেতা জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করেও বিভিন্ন কাজ ও প্রকল্পে যুক্ত হচ্ছেন। এবার কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় কানাডার মাটিতে একটি সিনেমায় অভিনেত্রী অধরা খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম