Logo
Logo
×
   

বিনোদন

পপিকে জয়ের খোঁচা

আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছি, এখন আমাদের কী হবে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

আপনাদের ভক্ত হয়ে গুনাহ করেছি, এখন আমাদের কী হবে

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে আছেন ঢাকাই সিনেমার একসময়ের দর্শকপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। শূন্য দশকে বাংলা সিনেমায় তুমুল ব্যস্ত সময় পার করা এই তারকা দীর্ঘদিন ধরে রয়েছেন অন্তরালে, অভিনয় থেকে দূরে।

সম্প্রতি পপি অভিনয়ে আর না ফেরার ইঙ্গিত দিয়েছেন। নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়েছেন তিনি। তার কথায়, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের বর্তমান জীবন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।

পপির করা এই মন্তব্য থেকে কারো বুঝতে বাকি নেই, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। আর তাই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন আরেক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেত্রীকে খোঁচা দিয়ে সোমবার (৩১ আগস্ট) ফেসবুকে একটি পোস্ট দেন জয়, যেখানে অভিনেত্রী মৌসুমীর প্রসঙ্গও উঠে আসে।

মৌসুমীও একদা এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনয় ছেড়ে বাকি জীবন ধর্মে মনোযোগী হতে চান। এমনকি তার সব ছবি মুছে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। যদিও এরপরও তাকে অভিনয়ে দেখা গেছে। 

জয় লেখেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন—আপনারা তো ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে?’

জয় আরও বলেন, ‘ইবাদতের সময় ভক্তদের জন্যেও দোয়া কইরেন। আর বর্তমানে যারা জনপ্রিয়, তারাও কি ভবিষ্যতে এরকম বক্তব্য দেবেন? বিষয়টা এমন নয় কি, পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপর হজ করে আল্লাহর পথে চলে এলাম?’

জয়ের সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেক নেটিজেনদেরও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। এমনকি সেখানে আরেক অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন।

বাপ্পারাজ বলেছেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম