|
ফলো করুন |
|
|---|---|
এক সিনেমার সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি হিসেবে ফিরছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন এই দুই তারকা। এবার সময়, স্মৃতি, সম্পর্ক ও রহস্যের মিশেলে তৈরি ভিন্নধর্মী গল্প নিয়ে নতুন সিনেমায় হাজির হতে যাচ্ছেন তারা।
নতুন সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাদের।
‘কানাভুলা প্যারাডক্স’ নির্মিত হবে টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির সমন্বয়ে। সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পে সময়ের বিভিন্ন বাঁক, সম্পর্কের জটিলতা, স্মৃতির প্রভাব এবং রহস্য—সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে দর্শকদের নতুন ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়াই নির্মাতাদের লক্ষ্য। সময় ও সম্পর্কের পাশাপাশি স্মৃতি এবং রহস্যের নানা স্তর পেরিয়ে এগিয়ে যাবে গল্পটি। ফলে পরিচিত গল্পের কাঠামোর বাইরে গিয়ে দর্শকদের ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র উপহার দিতে চান তারা।
সিনেমাটির গল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। উপন্যাসের মূল ভাবনা ও গল্পকে বড় পর্দার উপযোগী করে সাজানোর কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিচালক হিসেবে নতুন হলেও সিনেমাটির সঙ্গে যুক্ত আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের রয়েছে নির্মাণের অভিজ্ঞতা। এর আগে আয়মান আসিব স্বাধীন, তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লেখার সঙ্গে যুক্ত ছিলেন।
অন্যদিকে সুস্ময় সরকার একই তিনটি প্রযোজনায় গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিচালনার দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা। ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্য এবং দর্শকদের ভালোবাসাকে সামনে রেখে নতুন সিনেমার মাধ্যমে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ।
‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র। নতুন দুই নির্মাতার অভিষেক, রাজ-সাবিলার জনপ্রিয় জুটি এবং সময় ভ্রমণকে কেন্দ্র করে নির্মিত গল্প—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

-6a969a09e7935.jpg)