গ্রেগ চ্যাপেল এলেও ঠিক সামলে নিতাম: সৌরভ গাঙ্গুলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের লর্ডসের ময়দানে শুরু হয়েছিল সৌরভ গাঙ্গুলির এক ইনিংস। এবার টেলিভিশনের পর্দায় শুরু হলো আরেক নতুন ইনিংস— ‘বিগ বস বাংলা’। শুরুর আগে বেশ কয়েক মাস ধরে এ নিয়ে চলছে আলোচনা। দিকে দিকে কৌতূহল তৈরি হয়েছিল আগেই। এবার সৌরভকে কেমন লাগবে? নিজেকে কি অনেকটা বদলে ফেলতে হয়েছে? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নবরূপে দেখা দিলেন তিনি। শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। এর আগে ‘দাদাগিরি’ করেছেন। সাফল্য পেয়েছেন। তবে ‘বিগ বস বাংলা’ আলাদা। তার কাজ দেখে কে কী বললেন?
নতুন অনুষ্ঠানের প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর একটি গণমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে উঠে এলো কন্যা সানা থেকে গ্রেগ চ্যাপেল— কাছের এবং দূরের নানাজনের কথা।
শুরুতেই একটা কথা বলি, ‘বিগ বস’ কী?—এমন প্রশ্নের উত্তরে সাবেক ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, আমার ‘বিগ বস’ হলো— মা-বাবা, ডোনা-সানা। পরিবারের সবাই। তবে ‘বিগ বস’ বলতে তো বাড়ির সবচেয়ে বড় যিনি, তাকে বোঝানো হয়। সে ক্ষেত্রে আমার বাবা-ই হলেন ‘বিগ বস’!
‘বিগ বস’-এর ঘরটা কেমন লেগেছে? থাকতে পারতেন ওখানে তিন মাস? এমন প্রশ্নের উত্তরে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিগ বস’-এর ঘরটা তো দারুণ। রাজকীয়। ‘বিগ বস’-এর ঘর যেমন হয় আর কি! কিন্তু না, আমি থাকতে পারতাম না। তিন মাস একটা ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
‘বিগ বস বাংলা’-র প্রথম পর্ব দেখে কন্যা সানা কি কোনো টিপস দিলেন? ওর ভালো লেগেছে? আপনার কাছেই শুনেছি সানা বেশ মতামত দেন আপনার কাজ নিয়ে? উত্তরে মহারাজ বলেন, হ্যাঁ। আমার সঙ্গে দেখেছে। কিন্তু ও কিছু বলেনি।
হিন্দি ‘বিগ বস’-এ আপনার সবচেয়ে পছন্দের সঞ্চালক কে? তার সঙ্গে কথা বলেছিলেন বিগ বস শুরুর আগে? সৌরভ বলেন, সালমান করছেন এখন। সালমান তো ভালোই করেন। সবাই তো এক রকম হবে না। প্রত্যেকেই নিজের নিজের মতো হবেন। আমি এ কাজটা নিয়ে আলাদা করে কারও সঙ্গে কথা বলিনি। তবে বিভিন্ন ‘বিগ বস’ দেখেছি। একেকটা শো একেক রকম ছিল।
টেলিভিশনে দুটি অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। ‘দাদাগিরি’ বনাম ‘বিগ বস’— কোনটি বেশি পছন্দের?—এমন প্রশ্নের উত্তরে দাদা বলেন, এটা বলতে পারব না। তুলনা করা ঠিক হবে না।
‘দাদাগিরি’ আর ‘বিগ বস’ দুই অনুষ্ঠানে একেবারে দুই রকম সাজ। দুটি সাজ আলাদা করা প্রসঙ্গে তিনি বলেন, আসলে দুটি শো তো একেবারে আলাদা মেজাজের। বিষয়বস্তু একেবারে অন্য রকম। ফলে আলাদা তো হতেই হতো। কিন্তু এমন নয় যে, এ ধরনের ডিজাইন আমি প্রথম পরছি।
‘দাদাগিরি’র ফিনালেতে কিন্তু আমি একই ধাঁচের পোশাক পরেছি। এতটা ঝলমলে হয়তো ছিল না। ‘বিগ বস’-এর সাজ আরও একটু ঝকমকে বলা চলে। শোর সঙ্গে মানানসই তো করতেই হবে সাজটা। তা ছাড়া ‘দাদাগিরি’তেও কেউ আমার উপরে কিছু চাপিয়ে দেয়নি, এখানেও নয়। সবটাই আমি নিজের মতো ভেবেছি।
এর আগে বাংলায় দুবার ‘বিগ বস’ হয়েছে। একবার সঞ্চালনা করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, অন্যদিকে জিৎ। তাদের থেকে আপনার কাজ কীভাবে আলাদা?
উত্তরে মহারাজ বলেন, সেভাবে তো বলা যায় না! সবাই নিজের নিজের মতো করে করেন। আমিও নিজের মতো করে করছি। ‘দাদাগিরি’ যখন করেছিলাম, তখনো নিজের মতো করেই করেছিলাম।
‘বিগ বস’-এর প্রতিযোগীরা পরিচিত প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, আমার সবার সঙ্গে পরিচয় হয় সেটে এসে। ‘দাদাগিরি’-তেও আগে থেকে জানতাম না কে আসবেন— এখানেও তাই। এবার যারা এসেছেন, তাদের অনেককে আগে থেকে চিনতাম। কিন্তু এরাই যে আসছেন, তা জানতাম না। সবাই আমার পছন্দের। তবে খেলাটা আরেকটু এগোলে বলতে পারব কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে।
কোনো রাজনীতিবিদকে দেখতে না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা চ্যানেল কর্তৃপক্ষই বলতে পারবেন। এখানে আমার কোনো ভূমিকা নেই।
‘বিগ বস’-এর ঘরে গ্রেগ চ্যাপেল এলেও কি আপনি সঞ্চালকই হতেন? নাকি ওই ঘরে থাকতেন প্রতিযোগীদের সঙ্গে? যদি গ্রেগ চ্যাপেল থাকতেন, তাহলে কি করতেন সৌরভ? উত্তরে দাদা বলেন, অস্ট্রেলিয়া থেকে গ্রেগ চ্যাপেল আসতেনও না ‘বিগ বস’-এ। ফলে এ নিয়ে ভেবেও লাভ নেই। কিন্তু অ্যান্ড্রু সাইমন্ড্রস আসা প্রসঙ্গে তিনি বলেন, অ্যান্ড্রু সাইমন্ডস আর গ্রেগ চ্যাপেল এক নয় বলে জানান বাংলার মহারাজ।

