সেই মন্তব্যের পর অভিনয়ে ফেরার প্রশ্নে যা বললেন পপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
চিত্রনায়িকা পপি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গেল কয়েকদিন ধরেই একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য নিয়ে বিনোদন জগত ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের বক্তব্যের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয় যেখানে লেখা ছিল, ‘যতোটুকু পাপ কামাইছি সব ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো আল্লাহ খোদার নাম করে যাব’।
আর এটি নিয়েই নেট দুনিয়ায় বিতর্ক শুরু হয়। পপির মন্তব্যে অনেকেই ধরে নিয়েছিলেন, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। এমনকি অভিনেত্রীর একসময়ের সহকর্মীরাও তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
তাদের মতে, পপি সিনেমার কাজকে ‘পাপ’ বলে অভিহিত করেছেন। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
তার মন্তব্যটি ভাইরাল হওয়ার পর একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অভিনেত্রী জানান, তিনি কখনোই সিনেমাকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং ফিল্মই তার জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র জায়গা।
পপি বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এ ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’
অভিনয়ে ফেরা প্রসঙ্গেও মুখ খুলেন তিনি। সিনেমা থেকে অবসর নেননি জানিয়ে পপি বলেন, ‘অভিনয় থেকে আমি অবসর নেইনি। যদি কোনোদিন কোনো গল্প ভালো লাগে হয়তো অভিনয় করতেও পারি, আবার হয়তো আর অভিনয়ে নাও ফেরা হতে পারে। তবে সিনেমা প্রযোজনায় আসার ইচ্ছা আছে। ইচ্ছা আছে নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’
সবশেষ এই অভিনেত্রীকে ‘ডাইরেক্ট অ্যাকশান’ শিরোনামের একটি সিনেমায় দেখা গেছে।

