Logo
Logo
×
   

বিনোদন

‘সেটা নিয়ে খারাপ কিছু বলব প্রশ্নই আসে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

‘সেটা নিয়ে খারাপ কিছু বলব প্রশ্নই আসে না’

চিত্রনায়িকা পপি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন- যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। 

আর এটি নিয়েই নেটদুনিয়ায় শুরু হয় বিতর্ক। পপির মন্তব্যে অনেকে ধরেই নিয়েছিলেন, সিনেমায় অভিনয়কে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করেছেন তিনি। এমনকি অভিনেত্রীর একসময়ের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। 

তবে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি এই চিত্রনায়িকার। যুগান্তরকে অভিনেত্রী জানান, তিনি তার বক্তব্যে সিনেমার কাজকে ইঙ্গিত করে কোনো কথা বলেননি। 

যুগান্তরকে পপি বলেন, ‘আমি কিন্তু আমার ব্যক্তব্যে একটিবারের জন্যও বলিনি যে, আমি সিনেমায় অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার জানা-অজানা পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না? আমরা তো জেনে না জেনে অনেক পাপ করি, সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? তো আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আমার স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে ভালো থাকতে পারি সেটা তো অন্যায়ের কিছু নয়।’ 

চলচ্চিত্রের মাধ্যমে তিনি অনেক যশ-খ্যাতি পেয়েছেন উল্লেখ করে বলেন, ‘যে সিনেমা আমাকে এত যশ এত খ্যাতি এত সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি, যে সিনেমার কারণে আজও দর্শক আমাকে এত ভালোবাসেন সেই সিনেমা কিংবা সিনেমাশিল্পকে নিয়ে আমি খারাপ কিছু বলব, নেগেটিভ মন্তব্য করব, প্রশ্নই আসে না।’ 

তার বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে জানিয়ে পপির ভাষ্য, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। আমি সিনেমা অঙ্গনকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। জীবনের প্রয়োজনে আমি আজ হয়তো দূরে আছি, কিন্তু ফেলে আসা দিনগুলো আমি ভীষণ মিস করি।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম