Logo
Logo
×
   

বিনোদন

বাচ্চু ভাইয়ের মৃত্যুর পর আমি জন্মদিন পালন করিনি

Icon

নূসরাত অনন্যা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১২ এএম

বাচ্চু ভাইয়ের মৃত্যুর পর আমি জন্মদিন পালন করিনি

একাধারে  গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তাহসান খান। তবে গানের পাশাপাশি  অভিনয়, মডেলিং এবং উপস্থাপনায়ও দেখা গেছে তাকে। আজ তার জন্মদিন। এ বিশেষ দিনের পরিকল্পনা, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।   

জন্মদিন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে?
তেমন কোনো পরিকল্পনা নেই। আসলে একটা বয়সের পর জন্মদিন পালন করা হয়না। আর বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার পর থেকে আমি এদিনে কিছুই করি না। হ্যাঁ, আমার ভক্ত-শুভাকাক্সক্ষীরা আমাকে শুভেচ্ছা জানলে কিংবা উপহার দিলে সেটা ফিরিয়ে দেই না। কারণ তারাও তাদের ভালোবাসার জায়গা থেকেই করছে। তাদের বঞ্চিত করার কোনো মানেই হয় না। আর এই দিনটি মুলত আমার নয়, আমার মায়ের। তাই ভেবেছি এবার থেকে মায়ের জন্য বিশেষ কিছু করব।

বয়সের হিসাবে চুয়ালি­শে পা রেখেছেন। এই সময়ে এসে কখনও পাওয়া না পাওয়ার হিসাব করেছেন?
এ চার দশকের জীবনের প্রথম দুই দশক তো পৃথিবী থেকে শুধু নিয়েছি। তাই পরের দুই দশক পৃথিবীকে, মানুষকে কিছুটা দেয়ার করেছি। এখনো করে যাচ্ছি। তবে যদি হিসাব করতে যাই, তবে অনেক বেশি পেয়েছি। কারণ আমি একজন শিল্পী। গান গাই, সুর করি, গান লিখি। কিন্তু এতে না দারিদ্র বিমোচন হচ্ছে, না যুদ্ধ থামছে। তবুও এ গান গেয়ে কিংবা শিল্পী হিসাবে যে ভালোবাসা আর সম্মান পেয়েছি তা অমূল্য। আমি কখনই হয়তো এ প্রাপ্তি বিপরীতে কিছু দিতে পারব না।

দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা সম্মুখিন হয়েছেন নিশ্চয়ই। কীভাবে নিয়েছেন সেটা?
আমি মুলত ইতিবাচক চিন্তার মাধ্যমেই সবসময় সবকিছু করার বা বোঝার চেষ্টা করেছি। আমার প্রথম একক গানের আলবাম প্রকাশ পায় ২০০৪ সালে। গানের চর্চা করি তারও আগে থেকে। পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলাম। সমালোচনা এসেছে, আসবে এটাই স্বাভাবিক। এছাড়াও আরও অনেক আলাদা আলাদা বিষয় আছে, পরিস্থিতি আছে। তবে আমাকে কেউ কষ্ট দিলে বা কটু কথা বললে বিপরীতে আমি তাকে কষ্ট দেই না। আমি বোঝার আর জানার চেষ্টা করি যে তার এ কাজটির পেছনে কী সংগ্রাম বা কি সমস্যা লুকিয়ে আছে। আর এটাই আমাকে যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে সাহায্য করেছে।

বর্তমানে কী নিয়ে ব্যস্ত?
এখন আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। নতুন করে মিউজিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার জন্যই দেশটিতে আসা। কারণ আমি যা পারতাম বা যা জানা ছিল তা দিয়ে এতদিন সংগীত করেছি। তবে সামনে কাজ করার জন্য, নতুন কিছু করার জন্য অবশ্যই আমাকে নতুন কিছু শিখতে হবে। তাই-ই করছি। পাশাপাশি আমার প্রথম ইংরেজি আলবামের কাজও করছি। তবে সেটা শেষ হতে আরও পাঁচ-ছয় মাস লাগবে। এছাড়া স্টেজ শো, ব্র্যান্ড এনডোসমেন্টও চলছে পাশাপাশি।

এখন তো সবাই সোশ্যল মিডিয়া বা ইউটিউব চ্যানেল কেন্দ্রিক গান তৈরি করছে। আপনার মনোযোগও কী সেদিকেই?
বিবর্তন জীবনের একটা অংশ। এটাকে মেনে নিতেই হবে। কোনো কিছু সারাজীবন একরকম থাকে না। তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় পুরাতনকে ভালো আর নতুনকে খারাপ বলি। কিন্তু বিষয়টা এমন নয়। সব কিছুরই একটা ভালো দিক আছে। আমাদের সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। আমিও বর্তমান দর্শক চাহিদা সঙ্গে আমার সিগনেচার স্টাইল মিলিয়েই গান করার চেষ্টা করি।

অভিনয়ের আবার দেখা যাবে কবে?
আপাতত অভিনয় থেকে কিছুটা বিরতিতে আছি। কারণ আমার নতুন গানের আলবাম। এখন সেটাতেই পুরো মনোযোগ দিতে চাই। এটা শেষ হলে তবেই নতুন কোনো কাজ বা অভিনয় নিয়ে ভাববো।

বাচ্চু ভাইয়ের মৃত্যুর পর আমি জন্মদিন পালন করিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .