Logo
Logo
×
   

সরকার

আগামীর বাংলাদেশ হবে সুশাসনের: সমাজকল্যাণমন্ত্রী

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

আগামীর বাংলাদেশ হবে সুশাসনের: সমাজকল্যাণমন্ত্রী

বক্তব্য রাখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: যুগান্তর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে অডিটরিয়ামে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মের যেমন চাকরির দরকার, বয়স্কদের যেমন সেবা দরকার সবার কথা মাথায় রেখে কাজ করা হবে। আপনি কোন দল করেন বা বাসায় কী করেন- তা দেখা হবে না। সবার জন্য সমান অধিকার। কোনো ধরনের ভয়ভীতি দেখানোর অবকাশ থাকবে না। শুধুমাত্র জনগণের কাজ সরকারের কর্মসূচিকে সহায়তা করা। 

মন্ত্রী বলেন, সরকার জনগণের পাশে থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের প্রাণ, দেশ যদি স্বাধীন না হতো তাহলে আমি ডাক্তার হতাম না, দেশ স্বাধীন হয়েছে বিধায় আমি ডাক্তার হয়েছি। সেজন্য আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি।

তিনি বলেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। সনাতন ধর্ম বা আদিবাসী অথবা ইসলাম ধর্মালম্বীদের সমান অধিকার। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে সেহেরি দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে রমজান মাসে বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। যার জন্য স্থানীয় প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সেই সঙ্গে ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম