Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

লুইজিয়ানা রাজ্য পুলিশের একটি গাড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় আটজন শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ধাওয়া করার পর পুলিশের গুলিতে সে নিহত হয়েছে।

শ্রীভেপোর্ট পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার সকাল ৬টার ঠিক পরেই তারা গোলাগুলির খবর পায়। শ্রীভেপোর্ট পুলিশের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থলে মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে ৮ জনই মারা গেছেন। অপরাধস্থলটি অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং দুটি বাড়িতে এই হত্যাকাণ্ড চালানো হয়।

নিহত এবং আহত সকল ভুক্তভোগীই অপ্রাপ্তবয়স্ক। তাদের বয়স ১ বছর থেকে শুরু করে ১৪ বছরের মধ্যে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এই হামলাটি কোনো ‘এলোপাথাড়ি’ ঘটনা নয়, বরং ‘পারিবারিক বিবাদের’ জেরে ঘটেছে।

নিহত শিশুদের মধ্যে অন্তত কয়েকজন হামলাকারীর আত্মীয় বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনও ভুক্তভোগী বা হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি।

হত্যাকাণ্ড চালানোর পর অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত তার পিছু নেয় এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি ওই ব্যক্তিই একমাত্র বন্দুকধারী ছিল যে এই ঘটনা ঘটিয়েছে।’

এই ঘটনায় আহত বাকি শিশুদের অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। পুরো শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শ্রীভেপোর্ট পুলিশ বিভাগ এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। 

সূত্র: পিপল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম