Logo
Logo
×
   

আন্তর্জাতিক

এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুযাইফি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:২৩ পিএম

এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুযাইফি

মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি।

চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে। 

শায়খ আলী হুযাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছুদিন কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত ও হৃদয়গ্রাহী কুরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .