Logo
Logo
×
   

আন্তর্জাতিক

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন একটি দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির শুক্রবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।  রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত ফুটেজে তাদের খামেনির মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। শাহবাজ শরিফের সঙ্গে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলও ছিল।  খবর জিও নিউজের

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী খামেনির ইসলাম ও ইরানের জন্য অবদানের প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে কয়েক দশক ধরে ইরানি জাতিকে পথ দেখিয়েছেন।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি খামেনির আত্মার মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করেন।

এদিকে সিনেট চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি ও জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদলও খামেনির শেষ বিদায়ে অংশ নেয়। তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন সংসদ সদস্য এবং সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ।


জানাজায় অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্ক সফরের উদ্দেশে ইস্তাম্বুলের পথে তেহরান ত্যাগ করেন।

অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে প্রয়াত খামেনির অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে শুক্রবারই শাহবাজ শরিফ ও আসিম মুনির তেহরানে পৌঁছান। তাদের বহরকে মেহরাবাদ বিমানবন্দরে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। এ সময় পাকিস্তান ও ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এক দিনের এ সফরে শাহবাজ শরিফ শোকের এই সময়ে ইরানের জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতির বার্তা পুনর্ব্যক্ত করেন।


প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহসহ আরও অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম