Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকির বাড়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতা দেওয়া হয়েছে। জাহাজগুলোকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন অ্যাসপিডেস।

জাহাজ চলাচল খাতের জন্য জারি করা এক নিরাপত্তা পরামর্শে ইইউ নৌবাহিনী জানায়, ইসরাইল, যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের স্বার্থ-সংশ্লিষ্ট জাহাজ বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব জাহাজকে লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচল না করার সুপারিশ করা হচ্ছে।

এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সাম্প্রতিক ঘোষণা। গত রোববার হুথিরা জানায়, ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কথিত হামলার জবাবে তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা শুরু করেছে।

হুথিদের এই ঘোষণার পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে এখানকার যেকোনো নিরাপত্তা সংকট বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।

এদিকে হুথিদের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির সরকার বলেছে, আন্তর্জাতিক আইন মেনে নিজেদের জাহাজ ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

হুথিদের নতুন হুমকি এবং ইইউর এই সতর্কতা লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও পরিবহন ব্যয় উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম