Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৫২ এএম

ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক

সংগৃহীত ছবি

ফিলিপাইনে ২৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয়েছে ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানী ম্যানিলায় এ বৈঠক শুরু হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ এবং আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য এই বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তানসহ সদস্য রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আসিয়ানের মহাসচিব কাও কিম হর্নও এই বৈঠকে যোগ দিয়েছেন।

এআরএফের চেয়ারপারসন হিসেবে ফিলিপাইনের পররাষ্ট্রসচিব মা. তেরেসা পি. লাজারো এই বৈঠকের উদ্বোধন করেন। 

উদ্বোধনী বক্তব্যে লাজারো বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাতের বদলে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সংলাপ এবং সহযোগিতার জন্য এআরএফ একটি ‘অপরিহার্য’ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

নিরবচ্ছিন্ন সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন লাজারো। সেই সঙ্গে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোকে তাদের রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ফিলিপাইনের পররাষ্ট্রসচিব জানান, এবারের ফোরামে যে বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে, তার মধ্যে রয়েছে:

সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি।

সন্ত্রাসবাদের মতো প্রথাগত চ্যালেঞ্জ মোকাবিলা।

জলবায়ু নিরাপত্তার মতো অপ্রথাগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংলাপ ও সহযোগিতার একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম