Logo
Logo
×
   

আন্তর্জাতিক

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:২৬ এএম

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩

ঘটনার পর সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং রেস্তোরাঁয় প্রবেশ বন্ধ করে দেয়। ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে।  আহত হয়েছেন আরও ২১ জন।  দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের বহুতল ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি একটি নারীর বহন করা দেশীয়ভাবে তৈরি (ইম্প্রোভাইজড) বোমা থেকে ঘটে।

প্রথমে মস্কো পুলিশ জানায়, ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পরে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।


ঘটনার পর সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং রেস্তোরাঁয় প্রবেশ বন্ধ করে দেয়।

প্রাথমিকভাবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে পরে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা দেশীয়ভাবে তৈরি বোমার বিস্ফোরণ।

কমিটির দাবি, বোমাটি বহনকারী এক নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন।  এতে বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ওই নিরাপত্তারক্ষী, বোমা বহনকারী নারী এবং রেস্তোরাঁর একজন অতিথি। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


কর্তৃপক্ষ এখনো নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করেনি। একই সঙ্গে কোনো সন্দেহভাজনের নামও জানানো হয়নি।

এদিকে, টেলিগ্রামভিত্তিক পর্যবেক্ষণ চ্যানেল অ্যাস্ট্রা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে এক রুশ জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেনি।

তথ্যসূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম